সে কখনো চিঠি লেখেনি

সে কখনো চিঠি লেখেনি

- মেহেদী হাসান আইয়ুশ

সম্ভবতঃ শেষ চিঠিটি প্রাপকের হাতে পৌঁছানোর পূর্বেই মৃত্যু হয়েছিলো ডাকপিয়নের
তাঁর মহান দায়িত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, যেহেতু প্রাপক অন্ধ ছিলো

এদিকে ঘোর বর্ষা নেমেছে পাহাড়ে,গতকাল;
মনে হয় বহুকাল আগে—রাজাবাজার লেন, রোজা হোস্টেল,—বৃষ্টি, তোমাকে পেয়েছিলো ক্ষণিকের প্রেমিকের মতো
চিঠিতে কী পাঠিয়েছিলে?
প্রেম?
চুমু?
মেঘ?
ভেসে গেছে জুম চাষীদের ক্ষেত
এ বছর অভাব দীর্ঘস্থায়ী হবে, সম্ভবত আয়ুর সমান দীর্ঘ

পাহারধ্বসে নিশ্চিহ্ন হয়ে গেছে গোটাদশ পরিবার
যারা বেঁচে আছে তারা খুঁড়ছে কবর আর যারা মরে গ্যাছে
এমন দৃঢ় বিশ্বাস নিয়ে— একদিন তাদের খুঁজে পাওয়া যাবে, হবে সৎকার
বেতার বেজেঁ ওঠে, লাউড স্পিকার—

‘এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হবে, একটি চিঠির অপেক্ষার চেয়েও দীর্ঘ’—বিবৃতি দেয় আবহাওয়া অধিদপ্তর;
পরবর্তী চিঠিতে চুমু পাঠিও, সাবরিনা আক্তার;
যেহেতু খাদ্যসংকট,তবুও তো বেঁচে থাকা দরকার!

ধারনা করা হয়, সে কখনো চিঠি লেখেনি কবি’র উদ্দেশ্যে


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।