ভাঙা মাটির খেলা

ভাঙা মাটির খেলা

- মো: আবু তালেব

মাটির খাঁচায় অচিন পাখি কদিন বা আর রবে?
মিথ্যে মায়ায় কাঁদছ বসে, কারে আপন ভেবে?
আজকে তুমি হাসছ বটে, অহংকারের গিরি,
কালকে তোমার ঠিকানা ঐ মাটির বুকেই হবে।

বুকের ভেতর পাথর চেপে হাসো কেন ভাই?
পরের তরে কাঁদলো না যে, তার তো মুক্তি নাই।
পোশাক আশাক যতই দামি, সবি তো বাহানা,
মন না গললে খোদা পাবার রাস্তা কোথায় পাই?

চোখের জলে ধুয়ে নাও এই মনের যত ভুল,
প্রেমানলে পুড়লে তবেই ফুটবে চেনা ফুল।
আকাশ-পাতাল খুঁজছ যারে মক্কা-কাশি-গয়া-
তারে ছুঁতে চাইলে আগে ছাড়ো জাতি-কুল!

হারিয়ে গেলাম নিজেই আমি আমার চেনা গানে,
ক্লান্ত হৃদয় সঁপে দিলাম মনের মানুষ পানে।
বাইরে শুধু দৃষ্টি যাহার, অন্ধ সে চিরকাল,
নিজের মাঝে ডুব দিলেই শান্তি মেলে প্রাণে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।