বিবেকের অবশ প্রহর
- মো: আবু তালেব
আকাশের ভাঙা অংশ মাথায় পড়লে
তবেই আমাদের এই পাথুরে হুঁশ ফেরে,
রক্তাক্ত আঙিনায় দাঁড়িয়ে আমরা তখন—
অসহায় চোখে চেয়ে থাকি আকাশের ফাটলের দিকে।
কিন্তু সেই হুঁশ কতক্ষণ?
পরমুহূর্তেই আমরা আবার সেই পুরনো বিভ্রমে,
এক গভীর এবং নিশ্ছিদ্র বেঁহুশ ঘুমে।
আবার সেই বিষাক্ত অন্ধকার, আবার সেই ফিরে যাওয়া-
যতক্ষণ না আকাশটা আবার নতুন করে ভেঙে পড়ে মাথার ওপর।
সেদিন সেই মেয়েটিকে যখন ছিঁড়ে খাওয়া হলো,
নৃশংস উল্লাসে যখন স্তব্ধ হলো তার শেষ চিৎকার—
আকাশ ভেঙে পড়েছিল আমাদের জীর্ণ সমাজের মাথায়।
আমরা কেঁদেছিলাম, মোমবাতি হাতে রাজপথে দাঁড়িয়েছিলাম,
বর্বরতার বিরুদ্ধে উঁচু করেছিলাম মুষ্টিবদ্ধ হাত।
কিন্তু তারপর?
আকাশের চাবুক সরে যেতেই আমরা আবার ঘুমিয়ে পড়লাম।
তারপর একে একে ঝরে গেল কত নাম না জানা শিশু,
কত নারী হলো স্রেফ সংবাদপত্রের সাধারণ এক শিরোনাম।
তাদের চূর্ণ-বিচূর্ণ দেহগুলো চাপা পড়ে গেল
আমাদের নির্লিপ্ততার এক একটা নতুন স্তূপের নিচে।
আমরা অপেক্ষা করি পরবর্তী প্রলয়ের,
পরবর্তী কোনো আকাশ ভাঙা শোকের—
যেন নিজের হুঁশ ফেরাতে আমাদের বারবার দরকার হয়
নিরপরাধ কোনো প্রাণের অকাল বিসর্জন।
বিবেক কি তবে আমাদের শুধু ধ্বংসস্তূপেই জাগে?
নাকি আমরা অভ্যস্ত হয়ে গেছি—
আকাশ ভেঙে পড়ার অপেক্ষায় থেকে থেকে?
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।