পৃথিবীর আগে

পৃথিবীর আগে

- মোঃ আবু তালেব

(জন্মের আগের নীরবতা)

পৃথিবী জন্মানোর আগে কী ছিল—
এই প্রশ্নে মানুষ আকাশের দিকে তাকায়।

অথচ পৃথিবীর আগে না ছিল আলো,
না অন্ধকার;
কেবলই ছিল এক অনাদি অপেক্ষা।
সেই অপেক্ষার কোনো শব্দ ছিল না,
কোনো ভাষা ছিল না—
এমনকি স্রষ্টার ওষ্ঠাধরেও তখনো ফোটেনি
কোনো প্রথম উচ্চারণ।
শুধু এমন এক নীরবতা ছিল,
যার ভেতরে ঘুমিয়ে ছিল সমস্ত সম্ভাবনা।

আমি বিশ্বাস করি,
আমরা সেই নীরবতারই সন্তান।

তাই আমরা যখন খুব একা হয়ে যাই,
যখন সব শব্দ আমাদের ছেড়ে চলে যায়,
তখন আমরা ভয় পাই না;
আমরা ফিরে যাই আমাদের আদিম সাকিনে।

মানুষের প্রথম ঠিকানা কোনো দেশ নয়,
কোনো ধর্ম নয়,
কোনো ভাষা নয়।
মানুষের প্রথম ঠিকানা—
নীরবতা।

হয়তো সেই কারণেই
পৃথিবীর সমস্ত শব্দের শেষে
মানুষ চুপ হয়ে যায়;
কারণ শেষ পর্যন্ত সবাই ফিরে যেতে চায়
জন্মের আগের সেই অদৃশ্য ঘরে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।