নিঃশব্দতার ব্যাকরণ
- মো: আবু তালেব
স্তব্ধতা মানে কিন্তু পরাজয় নয়।
তোমরা যখন ভাবছ পুরো শহরটাকে
কবরে নামিয়ে দিয়েছ,
তখন আসলে মাটির নিচে শিকড়েরা
জলের খোঁজে অনেক দূর হেঁটে গেছে।
তোমরা কারফিউ দিয়েছো মোড়ে মোড়ে,
বাতাসকে নির্দেশ দিয়েছো—
কোনো নাম যেন উচ্চারণ না করে।
কাঁচের ওপাশে বন্দুক তাক করে
তোমরা পাহারা দিচ্ছ শূন্য রাজপথ;
কিন্তু জানালার ফাঁক দিয়ে চুইয়ে পড়া
এক চিলতে রোদকে
তোমরা কোন আইনে গ্রেপ্তার করবে?
একজন বৃদ্ধ ফেরিওয়ালা দাঁড়িয়ে থাকে চুপচাপ,
তার চোখের তারায় কোনো আতঙ্ক নেই,
শুধু জমাট বাঁধা ক্লান্তি।
সেই ক্লান্তিটুকুও তো তোমাদের বিরুদ্ধে
এক নির্মম সাক্ষ্য!
একটি শিশু তার বাবার রক্তমাখা চশমার দিকে
তাকিয়ে থাকে অপলক—
সেই বোবা চাহনিকে
কোন ধারায় অভিযুক্ত করবে আদালত?
তোমরা লাঠি আর বুলেট দিয়ে কণ্ঠ স্তব্ধ করেছো,
কিন্তু রক্তের ভেতরের অর্থকে তো
মুছে ফেলতে পারোনি।
প্রতিটি বন্ধ দরজার ওপাশে,
প্রতিটি থমথমে অলিগলিতে
যে পাথুরে নীরবতা তোমরা বুনে দিয়েছো—
সেই নীরবতাই এখন তৈরি করছে
এক অমোঘ বাক্য।
যার প্রথম শব্দটি: শোক।
দ্বিতীয় শব্দটি: দায়।
আর শেষ শব্দটি
তোমাদের মসনদ চূর্ণ হওয়ার
অবধারিত তারিখ।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।