চুনকামের নিচে আগুন
- মো: আবু তালেব
তোমরা চুন আর ব্রাশ হাতে নিয়ে নেমেছ মধ্যরাতে,
ভেবেছ সাদা রঙের প্রলেপে মুছে দেওয়া যাবে
দেওয়ালে দেওয়ালে খোদাই করা অবাধ্যতার
জ্বলন্ত বর্ণমালা!
কাল রাতে যেখানে তরুণেরা লিখে গিয়েছিল—
“স্বৈরাচার নিপাত যাক”,
আজ সকালে সেখানে তোমাদের
ভয় দেখনো আস্তরণ ঝুলছে।
কিন্তু ইটের পাঁজরে ঢুকে যাওয়া কালির কী করবে?
ভাঙা প্লাস্টারের খাঁজে খাঁজে ঘামে-রক্তে
যে স্লোগান আঁকা হয়েছিল,
তা তো কেবল আলগা কোনো রঙ নয়!
ওটা এই শহরের রুদ্ধ কণ্ঠনালী,
ওটা একটা জাতির আর্তনাদ—
যা পাথরের ভেতরেও জীবন্ত নিঃশ্বাস নেয়!
তোমরা চুনকাম দিয়ে দেওয়ালের মুখ বাঁধতে পারো,
কিন্তু কোটি মানুষের বুকের গভীরে
যে লাল হরফগুলো জ্বলছে—
সেখানে তোমাদের কেনা কোনো
সাদা চুন পৌঁছাতে পারে না!
প্রতিটি মোড়ের অন্ধ দেয়ালে লুকিয়ে আছে
একেকটি বজ্রপাত;
যতই ঢাকো,
চুনকামের চামড়া শুকোতেই আবার ফুটে উঠবে—
“রক্তের হিসেব চাই!”
“পতন অনিবার্য!”
হে অন্ধ রঙমিস্ত্রিদের লেলিয়ে দেওয়া ক্ষমতাবান প্রভু—
অক্ষর কোনো কাগুজে পর্দা নয় যা ছিঁড়ে ফেলা যায়,
স্লোগান কোনো বাষ্প নয় যা বাতাসে উড়িয়ে দেবে!
যখন কোটি হাত একসাথে
রাজপথের সব দেওয়াল স্পর্শ করবে,
তখন তোমাদের ওই মেকি সাদার মুখোশ ধসে পড়বে;
বেরিয়ে আসবে আগ্নেয়গিরির মতো লাল ইশতেহার!
যে দেওয়ালকে তোমরা বোবা বানাতে চেয়েছিলে,
সেই দেওয়ালই একদিন আছড়ে পড়বে
তোমাদের কাচের দুর্গে।
তখন আর খোলস বদলানোর সময় পাবে না—
চুনকামের বুক চিরে রাজপথে নেমে আসবে
চূড়ান্ত বিজয়ের গান!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।