আমাদের মৃত্যুগুলো সংখ্যা নয়
- মোঃ আবু তালেব
তোমাদের প্রেস বিজ্ঞপ্তির পাতায়
তোমরা অবলীলায় লিখে দিলে—
“কয়েকজন নিহত, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”
একটি কলমের কালিতে,
একটি চতুর বাক্যবন্ধে
তোমরা একেকটি তাজা জীবনকে
নামিয়ে আনলে সাধারণ কিছু সংখ্যার ঘরে!
না!
ওরা কোনো কাগুজে পরিসংখ্যান নয়!
ওদের প্রত্যেকের একটি করে নাম ছিল,
একটি করে ঘর ছিল,
একজোড়া পুরনো জুতো ছিল।
একটি করে মা ছিল— যে আজও
দরজায় দাঁড়িয়ে আঁধার রাতে ডাকে,
একটি করে অসমাপ্ত স্বপ্ন ছিল,
ছিল বুকপকেটে লুকানো গোপন প্রেমিকার চিঠি!
তোমাদের শীতাতপনিয়ন্ত্রিত আমলাতান্ত্রিক টেবিলে
যেখানে মানুষের রক্তকে পরিণত করা হয়
স্রেফ ফাইলে জমা পড়া তথ্যে—
সেখানে তোমরা লাশ গুনতে পারো,
কিন্তু কোনোদিন মাপতে পারো না
একটি শূন্য ঘরের পাথর-হওয়া অন্ধকার,
একজোড়া খালি থালার অনন্ত প্রতীক্ষা!
তোমরা যাকে বলো ‘স্বাভাবিক জনজীবন’,
আমরা তাকে বলি বুটের তলায় চেপে রাখা
এক রক্তাক্ত বধ্যভূমি।
তোমরা যাকে নাম দাও ‘আইনের শাসন’,
তার আড়ালে ঢাকা পড়ে থাকে
রাতের আঁধারে বেওয়ারিশ লাশের দাফন।
হে হিসেবী ঘাতকের দল—
রক্ত দেওয়া নামগুলো কোনোদিন হারিয়ে যায় না।
মাটির ভেতর এরা একেকটি বিস্ফোরক বীজ হয়ে অঙ্কুরিত হয়,
প্রতিটি সংখ্যা একদিন কোটি কোটি কণ্ঠে
উচ্চারিত হবে রাজপথে!
আমরা কোনো কোল্যাটারাল ড্যামেজ নই,
আমরা কোনো খবরের স্ক্রলে ভেসে ওঠা
ক্ষণস্থায়ী সংখ্যা নই—
আমরা একেকটি আস্ত জীবন,
আমরা এক একটি অবিনশ্বর দ্রোহ,
আমরাই তোমাদের পতন নিশ্চিত করার
'জীবন্ত ইতিহাস'!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।