পোস্টারে ঢাকা দেয়াল

পোস্টারে ঢাকা দেয়াল

- মো: আবু তালেব

নোনাধরা ইটে ড্রামভর্তি আঠা মেখে যায়
একদল রাতের হায়না,
শহরের পিঠে সেঁটে দেয় মুখ—
যে মুখের কোনো লজ্জা থাকে না!
যে দেয়ালে ছিল বুলেটের দাগ,
যে দেয়ালে লেখা ছিল বিদ্রোহের গান,
সেখানেই আজ হাসছে জল্লাদ,
গলায় ঝুলিয়ে কাগুজে সম্মান।

পোস্টারের নিচে চাপা পড়ে থাকে
ধর্ষিত কোনো বোনের আর্তনাদ,
পোস্টারে ঢেকেছে অনাহারী চোখ,
গুম হয়ে যাওয়া ভাইয়ের খাদ।
হাতজোড় করা প্লাস্টিক-মুখ,
পেছনে লুকানো চুরির লোভ—
কাগজের পিঠে কাগজ জমিয়ে
ঢাকতে চায় কি মানুষের ক্ষোভ?

বাতাসে এখনো পোড়া বারুদ,
বাতাসে এখনো লাশের গন্ধ ভাসে,
আর তোদের ওই চকচকে ছবি
শকুনের মতো দাঁত মেলে হাসে!
ভাতের থালায় ঝুলিয়ে দিয়েছিস
মিথ্যে গণতন্ত্রের ফাঁদ,
কাগুজে হরফে উন্নয়ন লিখে
কিনতে চেয়েছিস গোটা দেশটার চাঁদ!

শোনো ওরে লোভী দালালচক্র,
শোনো ওরে বিষাক্ত কীটের দল—
দেয়াল কিন্তু পোস্টার নয়,
দেয়াল মানেই প্রতিবাদের সম্বল!
যেদিন এই শহরের ইট-পাঁজর থেকে
আঠার চামড়া যাবে খসে,
ছিঁড়ে ফেলা হবে তোদের ওই মুখ,
জ্বলবে আগুন রাজপথের রোষে!

তোদের কাগুজে কাফন জ্বালিয়ে বুক পেতে দেবে
মিছিলের একঝাঁক প্রাণ,
দেয়ালের রক্ত ধুয়ে দিয়ে
লিখে রেখে যাব আমি মুক্তির গান!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।