চুপ কর, রাজা শুনছে

চুপ কর, রাজা শুনছে

- মোঃ আবু তালেব

শাট আপ! একদম চুপ!
দেয়ালের পলেস্তারা খসে পড়ছে,
আর তার ভেতর থেকে উঁকি মারছে
রাজার নোংরা কান।
টেলিফোনের তারে ঝুলছে
গোপন পুলিশের শুকনো লালা,
চায়ের কাপের ধোঁয়া,
রিকশার প্যাডেল,
বাসের হ্যান্ডেল—
শহরের প্রতিটা খাঁজে গুঁজে দেওয়া হয়েছে
আড়িপাতার মাইক্রোফোন।

ফিসফিস করিস না!
তোর পেটের ভেতর খিদে ডাকলেও রাজা ভাবে— বিপ্লবের সাইরেন বাজল!
একটা মরা টিকটিকি খসে পড়লে
কেঁপে ওঠে সিংহাসনের পায়া,
এত সৈন্য, এত জলকামান,
এত বুলেটপ্রুফ চামড়া—
তবু রাতে ঘুম হয় না,
ঘুমের ঘোরে দাঁত কিড়মিড় করে স্বৈরাচার:
"কে ওখানে?
কে হাসল?
কার শ্বাসের শব্দ এত ভারী?"

জিভে সেলাই কর,
চোখে বাঁধ কালো ঠুলি।
খবরের কাগজের সাদা পাতায় ছেপে দে
রাজার বিষ্ঠার স্তুতিগান!
যদি বলিস 'ভাত নেই'—
তুই দেশদ্রোহী,
যদি বলিস 'শ্বাস নিতে পারছি না'—
তোর পিঠের চামড়ায় আঁকা হবে
ক্রসফায়ারের মানচিত্র।
গুমঘরের স্যাঁতসেঁতে মেঝেতে শুয়ে থাকা
নিখোঁজ খুলিগুলো জানে,
চুপ করে লাশ হয়ে থাকাটাই এই বধ্যভূমির
একমাত্র আইন।

কিন্তু কতক্ষণ চেপে রাখবি
এই পচা ড্রেনের মিথেন গ্যাস?
রাজা যত কান পাতবে,
বাতাসে তত বাড়বে গলিত সিসার গন্ধ।
শোন ওরে সিংহাসনের রক্তচোষা বাদুড়—
কান খুলে ভালো করে শোন!
তোর বুলেটপ্রুফ মহলের নিচে এখন ফুটছে
কোটি কোটি ক্ষুধার্তের অভিশাপ।

এবার ড্রেন থেকে,
গুমঘর থেকে,
বুলেটে ঝাঁঝরা রাজপথ থেকে
উঠে আসছে লক্ষ লক্ষ কেটে ফেলা জিভ!
তারা আর ফিসফিস করবে না,
সোজা তোর কানের ভেতর ঢুকিয়ে দেবে
গণঅভ্যুত্থানের বারুদ-ঠাসা লাল আঙুল!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।