জন্মের পূর্বে

জন্মের পূর্বে

- মোঃ আবু তালেব

(জন্মের আগের নীরবতা)

আমার জন্মদিন সবাই জানে।
কিন্তু আমি যে হাজার বছর ধরে
এই পৃথিবীর অপেক্ষায় ছিলাম—
সেই অপেক্ষার কোনো ক্যালেন্ডার নেই।

হয়তো—
আমি একদিন কোনো নদীর স্বপ্ন ছিলাম।
কোনো গাছের পাতায় জমে থাকা
শিশিরের ইচ্ছা ছিলাম।
হয়তো কোনো মৃত মানুষের
অসমাপ্ত প্রার্থনা হয়ে বাতাসে ভেসে ছিলাম।
তারপর একদিন একটি শিশু হয়ে জন্ম নিলাম।

আমি জন্মকে শুরু মনে করি না।
জন্ম কেবল দৃশ্যমান হওয়ার দিন।
আমার অদৃশ্য যাত্রা
তারও অনেক আগে শুরু হয়েছিল।
আজও মনে হয়,
আমি এখনো জন্ম নিচ্ছি।
প্রতিটি ভালোবাসায়,
প্রতিটি ক্ষতিতে,
প্রতিটি ক্ষমায়,
প্রতিটি কবিতায়—
আমি আবার জন্মাই।

মানুষ তো আসলে কোনো ফুরিয়ে যাওয়া গল্প নয়,
সে তো এক অনন্ত রূপান্তর!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।