কাঁটাতার

কাঁটাতার

- ফেরদাউস সরকার

আকাশের মেঘেরা কোনো ছাড়পত্র ছাড়াই
এক দেশ হতে আরেক দেশে গিয়ে বৃষ্টি বিলায়।

পৃথিবীর কোনো নদীর জলও সীমানা চিনে না
এপার ভেঙে অনায়াসে ওপারে চলে যায়।

পাখিদের ডানায় কোনো ধরাবাঁধা নিয়ম নেই
মুক্ত বিহঙ্গের মতো তারা উড়ে বেড়ায় দূর অজানায়।

গাছের শেকড়েও কোনো নিষেধাজ্ঞা আইন নেই
জলের খোঁজে মাটির তলে ছড়িয়ে পড়ে অবলীলায়।

বাতাস কি কখনো রাষ্ট্রের সীমানারেখা দেইখা বহে? না।
ফুলগাছে কাঁটা থাকলেও, ফুলের সুবাসে কোনো কাঁটাতার নেই,
নাক ঢেকে না-রাখলে আপনার কাছে সুঘ্রাণ ছড়াবেই।

রইদের আলো কখনোই গণ্ডি দেইখা আলো দেয় না,
নির্দিষ্ট সময়ে তার ভাগ সবাই পায় সমানহারে।
জলের মাছেরাও কোনো তল্লাশিচৌকি ছাড়াই
এক দেশ থেকে অন্য দেশে ভেসে বেড়াতে পারে।

এই যে রাত হইলে দুজনে পাশাপাশি বসে চাঁদ দেখি
সেই চাঁদের আলোও সকল দেশে সমানভাবে ঝরে পড়ে।

বুনো লতাপাতাও কোনো বেড়া চিনে বেড়ে ওঠে না,
সীমানায় গিয়ে দেখি, এপারওপার দুইপারেই তাদের বসবাস, আমায় দেখে হাসছে তারা খিলখিল করে।

আমার তখন ভীষণ লজ্জা পেল,
মাথা নিচু করে যমীনের দিকে তাকালাম,
একটা অদ্ভুত আওয়াজ আমার কানে টের পেলাম,

ফেরদাউস!
তোমরা নিজেদের অনেক চালাক মনে করো, তাই না?
অথচ বোকার মতো চারিদিকে কাঁটাতার দিয়ে এমন এক খাঁচা বানিয়েছো, যেখানে তোমরা নিজেরাই বন্দি! হাহ হাহ হাহ হাহ হা।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।