রাজার নতুন পোশাক

রাজার নতুন পোশাক

- মো: আবু তালেব

সিংহাসনে বসে আছে একটা স্থূল মাংসের পিণ্ড,
গায়ে তার কোনো পোশাক নেই।
চারপাশে দাঁড়িয়ে একপাল নপুংসক খাসি,
তারা চেঁচিয়ে বলছে— কী দিব্যি জরি! কী নিখুঁত কারুকাজ!

তোষামোদের গন্ধে পচে যাচ্ছে শহরের বাতাস,
রাজা হাসছে, তার মাড়ির ফাঁক দিয়ে গড়াচ্ছে কাঁচা রক্ত আর চর্বি।
ভয়ের রাজত্বে সবাই সেলাই করে নিয়েছে নিজের নিজের জিভ,
শুধু মোসাহেবরা লেজ নাড়ছে, পদের আশায় চাটছে রাজকীয় গোড়ালি।

এরপর রাজা নামল রাজপথে—
নগ্ন, কুৎসিত, থলথলে অহংকার নিয়ে।
কালো কাচের গাড়ি, ভারী বুটের শব্দ, রাস্তায় ছিটকে পড়া তাজা লাশ।
হঠাৎ ড্রেন থেকে, ধুলো থেকে, ফুটপাতের ভাঙা ইট থেকে
উঠে দাঁড়াল একটা ছেঁড়াখোড়া কঙ্কালসার হাত।

আঙুলটা সোজা বিঁধে গেল শাসকের চোখে।
বুকের ভেতর থেকে একটা অট্টহাসি ফেটে পড়ল সারা শহরে—
"শালা উলঙ্গ! তোর গায়ে তো কিচ্ছু নেই!
তোর চামড়া জুড়ে লেপ্টে আছে খুন, লুট আর ক্ষুধার্তের অভিশাপ!"

ভাটপড়া থামল। থমকে গেল পেয়াদার চাবুক।
উলঙ্গ রাজার চোখের ওপর দাঁড়িয়ে আজ থুতু ফেলছে আস্ত একটা রাজপথ!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।