যে মানুষটি হাসছিল
- মোঃ আবু তালেব
(মুখ ও মুখোশ)
লোকটি আজও হাসছিল!
চায়ের দোকানে বসে
বন্ধুর কৌতুকে এমনভাবে হেসে উঠল,
যেন পৃথিবীর সমস্ত আনন্দ
তারই পকেটে জমা আছে।
দোকানদার বলল,
“ভাই, আজ খুব খুশি মনে হচ্ছে!”
সে আরও একটু হাসল।
কেউ জানল না—
সকালে আয়নার সামনে দাঁড়িয়ে
সে নিজের মুখটাকে কিছুক্ষণ চিনতে পারেনি।
তার হাসির ভাঁজে
একটা অসমাপ্ত কথোপকথন ছিল,
চোখের কোণে ছিল
ফিরে না-আসা একজন মানুষের ছায়া।
তবু সে হাসছিল,
কারণ মানুষজন
হাসি দেখতে পছন্দ করে,
কিন্তু হাসির ভেতর
কী ভেঙে যাচ্ছে—
সেটা দেখতে তাদের সময় নেই।
বিকেলে সে রাস্তায় হাঁটল,
পরিচিত সবাইকে সালাম দিল,
দু-একজনের কাঁধে হাত রাখল,
আর এমনভাবে বলল—
“কী খবর?”
রাতে বাড়ি ফিরে
জুতো খুলে দরজার পাশে রাখল।
আলো জ্বালাল না।
অন্ধকারে বসে
সারাদিনের হাসিগুলো
এক এক করে খুলে রাখল টেবিলের ওপর।
কিছু হাসি ছিল মানুষের জন্য,
কিছু ছিল অভ্যাসের জন্য,
আর একটা হাসি—
শুধু নিজেকে বোঝানোর জন্য:
“আমি ঠিক আছি।”
কেউ শুনল না!
পরদিন সকালে
আবার সেই মানুষটিকে দেখা গেল।
সে হাসছিল।
সবাই ভাবল,
মানুষটি খুব ভালো আছে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।