আমার নিজের একটা সংসারের খুব শখ
- উষসী
আমার নিজের একটা সংসারের খুব শখ
আমার নিজের, একান্তই নিজের।।
যে সংসারের সবটা জুড়ে থাকবে আমার স্পর্শ,
আমার পছন্দের সব জিনিস দিয়ে সংসারটাকে আমি সাজিয়ে নেবো।
ঘরময় থাকবে আমার গন্ধ
থাকবে না কারো শাসন কতৃত্ব।।
আমার একটা ঘর চাই
যেখানে কোন চিৎকার চেঁচামেচি থাকবেনা
কারো বকুনি শুনতে হবেনা
কারো রাগী মুখ আর রাগী মুখের বুলি শুনতে হবেনা।।
সেই সংসারে থাকবে শুধু স্বাধীনতা
ঘর এলোমেলো হয়ে আছে বলে কেউ চিল্লাচিল্লি করবেনা
রেগে গিয়ে থালাবাটি ধোয়ার ধুমধাম আওয়াজ শুনতে হবেনা
যে সংসারে আমার ইচ্ছে হলে কাজ করবো, আর যখন ইচ্ছে হবে বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত শুয়ে থাকবো সব কাজকে ছুটি দিয়ে।
আমার সুখে মোড়া একটা ঘর চাই
যে ঘরে কেউ রাগে গজগজ করে কাজ করবেনা
যেখানে রাত করে বাড়ি ফিরে রান্না নিয়ে দুশ্চিন্তা করতে হবেনা, যেখানে আমি চলবো আমার খেয়াল খুশি।
আমি চাইনা সারাজীবন মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যাক
বুকের মধ্যে আজীবন একটা ঘর, একটা সংসারের হাহাকার থেকে যাক
বিধাতার কাছে একখানা শান্তির নীড়ের আকুতিটুকু তোলা থাক ।
যদি সম্ভব হয়, যদি সামর্থ্য থাকে বউদের একটা সংসার দিও
হোক সেটা ছোট্ট সংসার
তাদের সেই ছোট্ট সংসার পাওয়া গোটা দুনিয়াকে হাতের মুঠোয় পাওয়ার সমান
নইলে তাদের মনের গহীনে সাজানো স্বপ্নদের মৃত্যু হবে তিলে তিলে
বেঁচে থাকবে জীবন্ত লাশ হয়ে
এক আকাশ সমান অতৃপ্তি, শূন্যতা, হাহাকার নিয়ে শুধু বেঁচেই থাকবে
যে বাঁচাকে বেঁচে থাকা বলেনা
যেভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয় ।
কন্যা, মা, বউ, শ্বাশুড়ি, জা, ননদ, নানী দাদী নারীর একই অঙ্গে কত রূপ
স্বাধীনভাবে বাঁচার মাঝেই
আছে স্বর্গসুখ।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।