অনন্ত ধ্রুবক
- মোছাঃ লুবা আক্তার
জীবন থেকে কিছু স্বপ্ন হারাই, দুঃখ করি বিয়োগ,
নতুন পথের সমীকরণে মেলে নতুন যোগ।
অজানা এক চলকের মান বুকে নিয়ে চলি,
নতুন আলোর সন্ধানেতে এগিয়ে যাই বলি।
সংখ্যা ছাড়া গণিত যেমন হয় যে অসহায়,
তোমাকে ছাড়া এই জীবনে আমি পথ হারাই।
শূন্যের মতো খুঁজে পাই তোমায় বারে বার,
তোমাকে ঘিরে সংখ্যাজগৎ পায় অস্তিত্ব তার।
আমাদের এই সম্পর্ক যেন ভগ্নাংশের মেলা,
তুমি হলে লব, আমি হর, চিরন্তন এই খেলা।
চলার পথে কখনো হই প্রকৃত, কখনো হই
অপ্রকৃত রূপ নিয়েও পাশাপাশি রই।
তোমার বৃত্তে কেন্দ্র না হই, ক্ষতি নেই তাতে,
ব্যাসার্ধ হয়ে মিশে থাকব তোমার সাথে সাথে।
জ্যা-র মতো বিস্তৃত হব তোমার মাঝে আমি,
তোমার প্রতিটি কোণে কোণে হব অন্তর্যামী।
পাই-এর মতো ভালোবাসা হোক অফুরন্ত,
যে প্রেমের নেই শেষ, নেই কোনো অন্ত।
এই জীবনের গণিতে তুমি থেকো ধ্রুবক হয়ে,
অসীম পথে বহে যাক প্রেম অনন্ত বেয়ে।
"অনন্ত ধ্রুবক" আমার লেখা প্রথম গণিত বিষয়ক কবিতা।
২৭/৪/২০২৬
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।